কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (২৩ এপ্রিল) র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-১০ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থানাধীন রোহিতপুর এলাকা হতে আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: এনামুল হক (২৫) ও এরশাদ আলী (৪৩)। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয় বলেও জানানো হয়েছে।
র্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একাত্তর/জো