ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ: মা-বাবা পর চলে গেলো শিশুটিও

রাজধানীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মা-বাবার পর এবার চলে গেলো দুই বছরের মেয়ে ফাতেমা আক্তার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাতেমা আক্তার মারা গেছে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

আরও পড়ুন: লিবিয়ায় পাঁচ শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার

তাদের উদ্ধার করে ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাত চারটার দিকে স্ত্রী মোছা. খাদিজা আক্তার (২৫) ও ভোর ছয়টার দিকে স্বামী আব্দুল করিম (৩০) মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


একাত্তর/এসি