কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে সেখানের জেষ্ঠ নাগরিকরা। সেই সঙ্গে তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন মানবাধিকার, পরিবেশ আন্দোলন ও সাংস্কৃতিক কর্মীরা। বুধবারও প্রতিবাদ হয়েছে সেখানে।
তেঁতুলতলা মাঠের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাঠটি শিশু-কিশোরদের ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা। অন্যথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সমাবেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, যারা এখানে খেলে, যারা এ মাঠের প্রকৃত মালিক, তারা এখানে আছে। তারা প্রতিবাদ করছে মাঠ কেন দখল করা হচ্ছে? আমরা সরকারের সঙ্গে দেনদরবার করছি, সরকারের উচ্চপর্যায়ে কথাবার্তা হচ্ছে।
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার বলেন, থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়া না হলে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘেরাও করা হবে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী কমিটির মহাসচিব নূর খান বলেন, দেয়াল নির্মাণের মধ্য দিয়ে মাঠ ব্যবহার সীমিত হয়ে যাবে। দ্রুত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসুক, এটিকে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ হিসেবেই বিবেচনা হোক। কোনো গোষ্ঠীকে যেন না দেওয়া হয়, কোনো থানা বা কোনো স্থাপনা যেন তৈরি না হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে কলাবাগানের তেঁতুলতলা মাঠের সীমানা ঘেঁষে ১৪টি দেশীয় গাছ রোপণ করা হয়। পাশাপাশি একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন আন্দোলনকারীরা। যাতে লেখা ছিলো ‘আমাদের মাঠে আমরাই খেলব’।
একাত্তর/এআর