দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বিদেশে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই দেশে ফিরলেন সংসদ সদস্য হাজী সেলিম।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২ টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল।
তিনি জানান, বিমানবন্দরে নেমে একটি মাইক্রোবাসে করে হাজী সেলিম তার এলাকায় গিয়েছেন। সেখানে একটি জানাজায় তার অংশগ্রহণের কথা রয়েছে।
এদিকে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, লাল রঙের একটি গাড়ি থেকে নেমে স্থানীয় একটি মসজিদে যাচ্ছেন হাজী সেলিম।
এর আগে গত শনিবার (৩০ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম। এ সময় সঙ্গে ছিলেন তার প্রটোকল অফিসার সোহেল, চিকিৎসা সহযোগী মোহাম্মদ আলী এবং ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল। তারা সবাই একটি গাড়িতে বিমানবন্দরে যান।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ব্যবস্থা, তবু প্রস্তুত বাংলাদেশ
উচ্চ আদালতে সাজা হওয়ার পর আওয়ামী লীগের এই সংসদ সদস্যের দেশ ছেড়ে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। তার দেশে ফিরে আসা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন।
একাত্তর/এসি