কথা না রেখে ভাগাড় করায় ক্ষুব্ধ নন্দী পাড়ার বাসিন্দারা

রাজধানীর খিলগাঁও এলাকার পূর্ব নন্দী পাড়ায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

স্থানীয়রা বলছেন, এক বছর আগে পানির পাম্প নির্মাণের কথা বলে এই নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে দেখা যায় পানির পাম্প নয়। 

বরং ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ করা হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। সেই ক্ষোভ জানাতে তারা রাস্তাতেও এসে দাঁড়িয়েছেন। 

শনিবার দুপুরে বিরূপ আবহাওয়া আর গরমকে উপেক্ষা করে রাস্তায় এসে বিক্ষোভ জানান পূর্ব নন্দীপাড়ার বাসিন্দারা। বিক্ষোভের জন্য তারা বেছে নেন যেখানে পানির পাম্প হবার জায়গা। 

যেখানে এখন ময়লার ভাগাড় তৈরির কাজ হাতে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সেই উদ্যোগের প্রতিবাদ জানাতেই এলাকাবাসী ক্ষোভ জানান।  

লক্ষাধিক মানুষের বসবাস সেখানে। আবাসিক এলাকার ১০০ গজের মধ্যেই আছে মাদ্রাসা ও মসজিদ। রয়েছে শত শত দোকান-পাট থেকে শুরু করে কাঁচাবাজার পর্যন্ত।

স্থানীয়রা জানিয়েছেন, এক বছর আগে পানির পাম্প নির্মাণে কথা বলে অনেকটা জোরপূর্বক জায়গাটি নেয়া হয়। যদিও এখন পর্যন্ত জায়গার কোন ক্ষতিপূরণ পাননি জমির মালিক।

ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণে বিষয়টি জানার পর, এতে আপত্তি জানিয়ে এলাকার প্রায় সাতশ’ মানুষ গণস্বাক্ষর দিয়ে প্রতিবাদ জানায়। 

এলাকাবাসীর দাবি, পানির পাম্প অথবা স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে, এমন কথা জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর আজিজুল হক। 

কিন্তু তার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সেখানে কি ধরনের স্থাপনা নির্মাণ হচ্ছে সেটিও তার অজানা। 

তবে যাই হোক, সেখানে ময়লার ভাগাড় তৈরি না করে পানির পাম্প করার দাবি জানিয়েছেন পূর্ব নন্দী পাড়ার বাসিন্দারা। এজন্য তারা মেয়রের দৃষ্টিও আকর্ষণও করেছেন।


একাত্তর/এসজে