রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩,৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিএমপি'র গোয়েন্দা বিভাগ।
সোমবার (২৩ মে ২০২২) সন্ধ্যা সাড়ে ছয়টায় বংশাল থানার মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ গণমাধ্যমকে জানান, বংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ঔষধ মজুত আছে এরকম তথ্যের ভিত্তিতে উক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গোডাউন তল্লশী করে উদ্ধার করা হয় ২৩,৮৫০ পিস পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, নাজিমুল নকল ঔষধ বিক্রি করার জন্য তার গোডাউনে মজুত রাখে।
গ্রেপ্তার নাজিমুল ইসলামকে বংশাল থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
একাত্তর/এআর