একদিনের ব্যবধানে রাজধানীর মিরপুরে শাহ আলী মার্কেটের চালের আড়তে আবারও
অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিন্তু পরিস্থিতির কোন উন্নতি
হয়নি।
এদিনের অভিযানেও মিলেছে, আগের কেনা চাল বেশি দামে বিক্রির অভিযোগ। তাই চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিদিন রাজধানীর কোনো না কোনো চালের বাজারে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আসছেনা ব্যবসায়ীদের কারসাজির প্রবণতা। যেমন মিরপুর এক নম্বরের শাহ আলী মার্কেটের চালের আড়ত।
একদিন আগেও এই বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার। সেদিন মূল্য তালিকায় হালনাগাদ দাম না থাকা ও পুরনো চাল বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা করা হয়।
শনিবারের অভিযানেও মিলেছে একই চিত্র। প্রায় সবকটি আড়তেই মিলেছে ভোক্তা ঠকানোর কোন না কোন কারসাজি। কেউ মূল্য তালিকায় দিচ্ছেন পুরনো দাম।
কেউ আগের কেনা চাল বিক্রি করছেন নতুন বাড়তি দামে। আবার কেউ একই চাল বিক্রি করছেন দুই রকম দামে। যদিও তাদের অভিযোগটা মিল মালিকদের বিরুদ্ধে।
এসব অভিযোগ চার প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, চালের দাম শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ভোক্তার কর্মকর্তারা।
ভোক্তা অধিকারের পাশাপাশি চালের বাজারে নজরদারি চালাতে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রনালয়ও। আগারগাও ও মহাখালীতে চলেছে তাদের অভিযান।