গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধে অচল মিরপুর

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বেতন বৃদ্ধির দাবিতে আবারও রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে এ এলাকার জনজীবন। 

রোববার (৫ জুন) সকাল আটটার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মিরপুর ১৩ আয়ুর্বেদিক কলেজ ও মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত মিলি সুপার মার্কেট রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

সকাল ৯টার পর মিরপুরের আশপাশের গার্মেন্টস শ্রমিকরাও দলে দলে আন্দোলনে যোগ দেয়। মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গতকাল শনিবারও দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শ্রমিকরা একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তেল, চিনি, ডালসহ বিভিন্ন জিনিসের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। তাদের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে তাদের বেতন বাড়াতে হবে।

পল্লবী জোনের এসি (পেট্রল) মাহবুব বলেন, সকাল আটটার পর থেকেই শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। যান চলাচল বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে মিরপুরের জনজীবন। 

এদিকে, সকাল ১০টার পর মিরপুর ১০ নম্বর থেকে কয়েকশ শ্রমিক মিরপুর ৭ নম্বর পূরবী এলাকার ক্লেমন গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় পূরবী সিনেমা হলের সামনের এলাকায় দুইটি বাসও তাদের ভাঙচুরের কবলে পড়ে। 


একাত্তর/জো