এবারের কোরবানি ঈদে পশুর কাঁচা চামড়া কিনতে প্রায় ৩০০
কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়ত্ব চারটি ব্যাংক।
ব্যাংকাররা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের চাহিদা মতো তহবিল যোগান দিতে নির্দেশ দেয়া হলেও তারা বুঝে শুনেই ঋণ দেবেন।
যদিও, চামড়া ব্যবসায়ীরা বলছেন, টাকার পরিমাণ কম ও তা পাবার প্রক্রিয়া জটিল। ফলে অনেকেই এই ঋণ নিতে আগ্রহ প্রকাশ করেন না।
আর কদিন পরেই কোরবানির ঈদ। কোরবানির ঈদ বাণিজ্যের বড় অংশ জুড়েই থাকে কাঁচা চামড়ার বেচাকেনা। সারা বছরের বেশিরভাগ চামড়াই কেনাবেচা হয় এই সময়ে।
তারই প্রস্ততি হিসেবে দেশের প্রধান কাঁচা চামড়ার বাজার পোস্তার আড়ৎগুলোতে চলছে পুরোনো মালামাল দ্রুত বিক্রির প্রস্তুতি। সেই সঙ্গে চলছে চামড়া কেনার জন্য অর্থেও আয়োজনও।
কিন্তু এবার কতোটা প্রাণ পাবে কাচাঁ-চামড়ার বিকিকিনি, এমন প্রশ্নই উঠছে কাঁচা চামড়া ব্যবসার সঙ্গে জড়িত সব পক্ষের মধ্যেই।
একদিকে ট্যানারি মালিকদের কাছে ১১০ কোটি টাকারও বেশি পাওনা, অন্যদিকে চাহিদা অনুযায়ী ব্যাংক ঋণ না পাওয়া সব মিলিয়ে অর্থ সংকটে আছে কাঁচা চামড়ার ক্রেতারা।
তাই চামড়া কেনার জন্য প্রয়োজনীয় ঋণ সরবরাহে ব্যাংক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।
গত বছর ঈদুল আযহাতে কাচাঁ চামড়া কিনতে ৫৮৩ কোটি টাকার তহবিল যোগান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো ৯টি বানিজ্যিক ব্যাংক।
যেখানে রাষ্ট্রীয় খাতের চার ব্যাংক ঋণ দিয়েছিল ৩৯০ কোটি টাকা,এবার এই চার ব্যাংক ঋণ দিচ্ছে ৩০০ কোটি টাকার মতো।
অথচ কোরবানির ঈদে চামড়া সংগ্রহের জন্য ট্যানারি শিল্পের অনুকূলে ৫০০-৬০০ কোটি টাকা ঋণ সংস্থানের ব্যবস্থা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলো ট্যানারি মালিকরা।
তারা বলছেন, করোনা পরবর্তী ব্যবসায় টিকে থাকতে চাহিদার তুলনায় এবার যে পরিমাণ টাকা ঋণের জন্য বরাদ্দ করা হয়েছে তা আগের বছরের চেয়েই কম। আবার পেতেও ভোড়ান্তি।
যদিও ভিন্নমত জানিয়েছেন ব্যাংকাররা। তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চাহিদা অনুযায়ী ঋণ দেবেন তারা, তবে সেটা বুঝে শুনেই দিতে চান তারা।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এ পর্যন্ত চামড়া খাতে খেলাপি ঋণ দাড়িয়েঁছে এক হাজার ৫৪১ কোটি টাকা। এতেই সতর্ক ব্যাংকগুলো।
যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগের দেওয়া ঋণ খেলাপি হলে মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টে দিয়ে পুনঃতফসিল করা যাবে। অর্থাৎ, ঋণ খেলাপিরাও ঋণ পাবেন।
একাত্তর/আরবিএস