রমনায় চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর রমনা থানার বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে ইকবাল উদ্দিন আহমেদ (৭২) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ জুলাই) দিনগত রাতে বড় মগবাজার ২২৭ নম্বর গ্র্যান্ড প্লাজার সাততলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মফিজুর রহমান জানান, বড় মগবাজার এলাকায় একটি বহুতল ভবনের সপ্তম তলায় ওই চিকিৎসক পরিবার নিয়ে থাকতেন। চিকিৎসকের মেয়ে পিএইচডি করার কানাডায় চলে যাওয়ায় তিনি বাসায় একাকী থাকতেন। 

এসআই মফিজুর রহমান আরও জানান, আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে উক্ত বাসা থেকে মেয়ের জামাই আরিফুর রহমান ও স্থানীয়দের উপস্থিতে তালা ভেঙ্গে ভিতরে বাথরুম থেকে নিহতের  অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করি মর্গে পাঠাই।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছেন, নিহত ইকবাল অসুস্থ হয়ে বাথরুমে পড়ে মারা গিয়েছেন। 

ইকবাল উদ্দিনের মেয়ের স্বামী আরিফুর রহমান সিদ্দীক জানান, তার স্ত্রীর সঙ্গে শাশুড়ি হাবিবা বেগম সৌদি আরব থাকেন। ডা. ইকবাল উদ্দিনও সেখানে ছিলেন। পূর্বে দুইবার স্ট্রোক করায় ৫-৬ বছর আগে দেশে ফিরে বড় মগবাজারের নিজ ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

শ্বশুর ইকবাল হোসেনের সঙ্গে সর্বশেষ দুই সপ্তাহ আগে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর থেকে ফোনের রিং হলেও আর যোগাযোগ করা যাচ্ছিল। মঙ্গলবার বাড়ির কেয়ারটেকার সার্ভিস চার্জের জন্য ওই বাসায় গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্বজনদের জানান। এরপর থানা পুলিশকে জানালে তারা দরজা ভেঙে ভেতর থেকে তার গলিত পোকা ধরা মরদেহ উদ্ধার করে। বাসার বাথরুমে উপুড় হয়ে পড়েছিলেন তিনি। পুলিশের ধারণা, অসুস্থার কারণেই মৃত্যু হয়েছে তার। তবে বেশ কয়েকদিন ধরে ওভাবে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে।


একাত্তর/এআর