করোনায় শনাক্ত হাজারের নিচে, মৃত্যু তিন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৮ জনের।

এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনে।

শনিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৮৯৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ২৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪১০টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

মৃত তিনজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন ও বরিশাল বিভাগের একজন রয়েছেন। মৃতদের মধ্যে একজন সরকারি ও দুইজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭১ হাজার ৮১৫ জনের। সুস্থ হয়েছেন ৫৩ কোটি ২৮ লাখ ৭০ হাজার ২৩৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৫ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৭২৬ জন। 


একাত্তর/এসজে