একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের কিংবদন্তীতুল্য প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক মারা গেছেন।
রোববার (১০ জুলাই) তিনি রাজধানীতে নিজে বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার সহকর্মী (রিসার্চ ফেলো) সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জানান, স্যার তিনটা ৩৫ মিনিটে ঘুমের মধ্যে মারা গেছেন। সকাল থেকে তিনি কোরবানির যাবতীয় কাজ তত্ত্বাবধান করে দুপুরে খেয়ে ঘুমাতে যান। ঘুমের মধ্যে সাড়া না পেয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম আরও জানান, এনামুল হকের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। তার মেয়ে আগামী মঙ্গলবার প্রবাস থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. এনামুল হক তার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে স্বাধীনতা পদক এবং ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হন।
১৯৩৭ সালের ১ মার্চ বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন এনামুল হক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বগুড়া থেকে শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও ইতিহাস-প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশিয়ার শিল্প নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
আরও পড়ুন: বঙ্গভবনেই ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি
কর্মজীবনে ১৯৬২ সালে এনামুল হক তৎকালীন ঢাকা জাদুঘরে যোগদান করে। পরবর্তীতে ১৯৬৫ সালে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ, ১৯৬৯ সালে পরিচালক হিসেবে কাজ করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা জাদুঘরকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয় এবং এর প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক হিসেবে এনামুল হক যোগদান করেন। জাদুঘরের উন্নতি ও আধুনিকীকরণে তার অবদান অনস্বীকার্য। মহাপরিচালক হিসেবে তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
একাত্তর/এসজে