রাজধানীর কামরাঙ্গীরচর থেকে চুরি হওয়া সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৫ জুলাই) র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া শিশুটির নাম মোছাইফা ইসলাম জান্নাত। সে মো. সাগর ও সোনিয়া আক্তারের মেয়ে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সুমন ও মুন্নি। তারা দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়ি থেকে শিশু বাচ্চা চুরি করে বিভিন্ন এলাকার নিঃসন্তানদের নিকট মোটা অংকের অর্থের নিবিময়ে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসরত সোনিয়া আক্তার ও তার স্বামী মো. সাগর পেশায় প্লাস্টিক কারখানার শ্রমিক।
বুধবার (১৩ জুলাই) মুন্নি ও মো. সুমন নামের দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে সাগরের ভাই শাহজাহানের কাছে আশ্রয় চান। শাহজাহান তাদেরকে সাগরের বাসায় নিয়ে গেলে সাগর ও সোনিয়া তাদেরকে নিজেদের বাসায় আশ্রয় দেন।
পরদিন দুপুরের দিকে সোনিয়া তার মেয়েকে মুন্নির পাশে খাটের ওপর রেখে রান্নাঘরে যান। কিছুক্ষণ পর মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে তাদেরকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি।
অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে র্যাব-১০ এর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাগর ও সোনিয়া।
উক্ত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়া বেইলী রোড এলাকায় অভিযান চালিয়ে মোছাইফা ইসলাম জান্নাতকে উদ্ধার করে মুন্নি ও মো. সুমনকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: মদনপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিক্ষার্থী নিহত
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়ি থেকে শিশু বাচ্চা চুরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার নিঃসন্তানদের নিকট মোটা অংকের অর্থের নিবিময়ে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
একাত্তর/এসজে