পান্থপথে রিকশায় বাসের ধাক্কা, আরোহী নিহত

রাজধানীর কারওয়ান বাজারের পান্থপথ মোড়ে বাসের ধাক্কায় রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম মো. ইব্রাহিম বিশ্বাস (২৪)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের কৃষক সান্টু বিশ্বাসের ছেলে। তিনি পুরান ঢাকার নাজিরা বাজারে থাকতেন ও এর পাশাপাশি তার মামার খাবার হোটেল দেখাশোনা করতেন। 

শনিবার (১৬ জুলাই) ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মামা কবির হোসেন জানান, ইব্রাহিম ঈদের দুই দিন পরে গ্রাম থেকে ঢাকার নাজিরা বাজারে তার সঙ্গে তার বাসায় আসেন। সৌদি আরব যাওয়ার জন্য তার আগামী ২২ জুলাই ভিসা প্রসেসিং হওয়ার কথা ছিল।

কবির হোসেন আরও জানান, পুরান ঢাকার নাজিরা বাজার মোড়ে তার হোটেল ব্যবসা রয়েছে। ভোররাতে রিকশাযোগে কারওয়ান বাজারে কাঁচা সবজি কিনতে যাচ্ছিলেন ইব্রাহিম।

পথে পান্থপথ মোড়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কায় দিলে রিকশা থেকে পড়ে বাসের চাপায় গুরুতর আহত হন ইব্রাহিম।

পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিকশাচালক জালাল উদ্দিন (৩৫) জানান, পান্থপথ মোড়ে পিছন থেকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে রিকশাটি রাস্তায় পড়ে যায়। এসময় রিকশা থেকে ডানপাশের রাস্তায় পড়ে আরোহী ইব্রাহিম আহত হন। 

আরও পড়ুন: প্রাইভেটকার-পিকআপ সংঘর্ষে চারজন নিহত, আহত দুই

জালাল উদ্দিন আরও বলেন, বাসের ধাক্কায় তিনি রাস্তার বাম পাশে পড়ে গিয়ে সামান্য আহত হন। দ্রুতগতির বাসটি রিকশায় ধাক্কা দিয়েই পালিয়ে যায়। 

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাবউদ্দিন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাসটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে