‘ডিজিটাল বাংলাদেশ রিপোটিং অ্যাওয়ার্ড’ পেলেন একাত্তরের রাকিব

ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বেস্ট রিপোর্টিংয়ে প্রথম পুরস্কার পেয়েছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার রাকিব হাসান।  মোট ৩০০ রিপোর্টারদের প্রতিবেদন মূল্যায়ন করে এ পুরস্কার দেয়া হয়।  

শনিবার (৩০ জুলাই) রাজধানীর পর্যটন ভবনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তিনি বলেন, 'ধাপে ধাপে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। ২০২৫ সালের মধ্যে ঘরে ঘরে উচ্চ গতির ইন্টারনেট থাকবে। প্রতিটি গ্রামে একটি করে ইন্টারনেট ক্যাফে হবে।' 

দেশের সাংবাদিকরা যেন বিশ্বে নেতৃত্ব দিতে পারেন সেজন্য ডিজিটাল লিডারশিপ ট্রেনিংয়ে তাদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 

দুইটি ক্যাটাগরিতে মোট ৯ জন সাংবাদিক জিতেছেন এই ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড। প্রথম পুরস্কার জিতেছেন একাত্তরের টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাকিব হাসান। দ্বিতীয় হয়েছেন বাংলা‌দেশ টেলিভিশনের সি‌নিয়র রি‌পোর্টার কুমার বিশ্ব‌জিত রায়, তৃতীয় হয়েছেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ এবং চতুর্থ হয়েছেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার শিহাব হোসাইন।


পত্রিকা ও অনলাইন ক‌্যাটাগ‌রি‌তে উম্মুল ওয়ারা সুইটি, প্রধান প্রতিবেদক, দৈনিক দেশ রূপান্তর; সমীর কুমার দে মণ্ডল, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক; সৈয়দ এলতেফাত হোসাইন, স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস); আবু সালেহ সায়াদাত, জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা পোস্ট; রাশেদ মেহেদী, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল পুরস্কৃত হয়েছে।

অনলাইনে সংযু‌ক্ত‌ হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সম্পাদক জুয়েল আহসান পিন্টু, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ ও এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন প্রমুখ।

চতুর্থ শিল্প বিপ্লবে ব‌াংলা‌দেশের সাংবা‌দিকরা যেন বি‌শ্বে নেতৃত্ব ‌দি‌তে পা‌রেন সেজন‌্য ডিজিটাল লিডার‌শিপ ট্রেনিংয়ে তাদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। 

জুনায়েদ আহমেদ পলক বলেন, 'সংবাদ হচ্ছে সমাজের দর্পণ। আগামীতে শেখ হাসিনার সরকারের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় জনগণের মতামত যাতে আরও প্রতিফলিত হয়, সেকারণে ৫৬টি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে আগামী দুই তিন মাসের মধ্যে অত্যন্ত আধুনিক পোর্টাল চালু করতে যাচ্ছি। যেটি হচ্ছে ‘জনতার সরকার পোর্টাল’। যেখানে আমরা যেকোনো সিদ্ধান্ত, নীতি-নির্ধারকদের যেকোনো বক্তব্য, যেটির প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ মিডিয়াতে আসে, আমাদের ভবিষ্যৎ নীতি নির্ধারণে সঠিকভাবে প্রতিফলিত হয়, সেজন্য আমরা এই পোর্টাল অল্প দিনের মধ্যে চালু করবো। এতে করে সাংবাদিকদের কাজ করার সুযোগ আরও তৈরি হবে। সরকারের নীতি নির্ধারণে এটি সহায়ক হিসেবে কাজ করবে।' 

এছাড়াও আগামী সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করার কথাও জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।


একাত্তর/এসজে