উন্নত-টেকসই নগর গড়তে সমন্বিত পরিকল্পনা হচ্ছে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ঢাকা মহানগরীকে একটি উন্নত ও টেকসই  মহানগরী গড়ে তুলতে সমন্বিত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

রোববার (৩১ জুলাই) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ এর মেয়রস ফোরামে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। খবর বিজ্ঞপ্তির।

এসময় মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা মহানগরীর জন্য দীর্ঘ মেয়াদী সমন্বিত মহা-পরিকল্পনা প্রণয়ন করছে। ঢাকা শহরকে অধিকতর বাসযোগ্য করতে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০৪১’ এর সাথে সমন্বয়-পূর্বক মহা-পরিকল্পনার আওতায় আমরা পরিবহন ব্যবস্থাপনা, সামাজিক সুবিধা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের সন্নিবেশ করছি। এর মাধ্যমে আমরা একটি উন্নত নগরী গড়ে তোলার পাশাপাশি টেকসই উন্নয়নও নিশ্চিত করতে কাজ করে চলেছি।

গণ-পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে শেখ তাপস বলেন, বায়ুমণ্ডলে মাত্র ৫০ শতাংশ কার্বন নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ।

ফলে বিগত কয়েক দশকে ঢাকা শহরের তাপমাত্রা যেমন বেড়েছে তেমনি ঋতু পরিবর্তন জনিত প্রভাবে স্বাভাবিক নাগরিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে নগর ব্যবস্থাপনার চ্যালেঞ্জও বেড়েই চলেছে। সে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চলেছে।

আরও পড়ুন: ৯ বছর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এছাড়াও গণ-পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা গত বছরের শেষভাগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ‘ঢাকা নগর পরিবহন’ নামে শৃঙ্খলিত বাস সেবা চালু করেছি। ধীরে ধীরে এই সেবা পুরো শহরে চালু করা হবে। এর মাধ্যমে জনগণ গণ-পরিবহনে চলাচলে স্বস্তি খুঁজে পাবে বিধায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমতে শুরু হবে। ফলে, স্বাভাবিকভাবেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে।


একাত্তর/আরএ