রাজধানীতে ভ্যান উল্টে চালক নিহত

রাজধানীর সায়েদাবাদ নতুন সড়কের ঢালে মালবাহী ভ্যান উল্টে মো. মোখলেছ খাঁ (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোখলেছ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা কালাইয়া গ্রামের মৃত রুস্তম খাঁর ছেলে। বর্তমানে চিটাগাং রোড ওবদা রোডের একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন তিনি। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন মোখলেছ।

দুর্ঘটনার পর মোখলেছকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, ভ্যানে করে লোহার পাইপ জাতীয় মালামাল নিয়ে ধোলাইখালের দিকে যাওয়ার পথে সায়দাবাদ নতুন রাস্তার ঢালে ভ্যানটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে মোখলেছ গুরুতর আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী ভ্যানচালক। যাত্রাবাড়ীতে ১৫ বছর যাবত একটি পাইপের দোকানের মালামাল বহন করতেন তিনি।

আরও পড়ুন: রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ