বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের সাত মামলায় আগাম জামিন

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় দায়ের করা সাত মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত চার আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাকে এসব মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দেন। 

তবে সোমবার (২২ আগস্ট) জামিনের বিষয়টি  জানা যায়।  

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, ওই ভিডিওতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। 

এরপর তাকে নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: বই বিতরণে বড়ো সঙ্কটের আশঙ্কা, এখনও শুরু হয়নি ছাপানো

পরে তার বিরুদ্ধে পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে এসব মামলা দায়ের করা হয়।

এদিকে মেয়র পদ ফিরে পেতে ইতিমধ্যে তিনি রিট আবেদন করেছেন। মঙ্গলার (২৩ আগস্ট) মামলাটি আদেশ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 


একাত্তর/এসি