ওষুধের দোকান খোলা রাখতে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে: তাপস

শহর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ঢাকা দক্ষিণের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে। আগামী এক সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্তে রাত ১১ টার মধ্যে ওষুধের দোকান বন্ধ করে দিতে বলা হয়েছে। আর হাসপাতাল কেন্দ্রিক ফার্মেসিগুলোকে খোলা রাখতে বলা হয়েছে রাত দুইটা পর্যন্ত। 

নগরবাসী এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখালেও দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, সূচিতে ওষুধের দোকান খোলা রাখার পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) নগরীর শাহবার এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।  

এ সময় বিশ্বের উন্নত শহরের উদাহরণ টেনে মেয়র বলেন, ঢাকা দক্ষিণকে শৃঙ্খলার মধ্যে আনতেই দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সময়সূচি করা হয়েছে। তিনি এটি বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চান। 

তাপস জানান, হাসপাতালকেন্দ্রিক নিজস্ব ফার্মেসি সর্বোচ্চ রাত দুইটা পর্যন্ত খোলা রাখা যাবে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দোকান-শপিং মল, কাঁচাবাজার, খাবারের হোটেল বন্ধের যে সূচি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারণ করেছে তাতে ফার্মেসির জন্য এই সময় বেঁধে দেয়া হয়েছে।


তিনি জানান, সংবাদ মাধ্যমে গণবিজ্ঞপ্তি দিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। 

আরও পড়ুন: ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই বোন গ্রেপ্তার

এদিকে এমন সিদ্ধান্তে নগরবাসী ও ফার্মেসি মালিকরা জানিয়েছেন, ঢাকার পাড়া-মহল্লার ফার্মেসি সাধারণত রাত ১২টা থেকে একটা পর্যন্ত খোলা থাকে। তবে, জরুরি প্রয়োজন মেটাতে কিছু কিছু মডেল ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু আগামী এক সেপ্টেম্বর থেকে সেই সুযোগ আর থাকছে না।

তারা বলেন, গভীর রাতে যে কারো জরুরি ওষুধের প্রয়োজন হতে পারে। তখন তারা কোথায় যাবেন?


একাত্তর/এসি