ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ‘সারেগামা’ গানের স্কুল ও ‘রং-তুলি’ আর্টের স্কুলে সদস্য সন্তানদের নবীন বরণের মধ্যে দিয়ে শুরু হলো নতুন ধাঁচের প্রশিক্ষণ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে...’ সারেগামা গানের স্কুলের সঙ্গীতের শিক্ষক গোলাম পাঞ্জাতনের কণ্ঠে ও তবলার শিক্ষক সুমন কুমার ব্যাধের সুরের মূর্ছনা দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মিঠু বলেন, ‘সন্তানদের নিয়ন্ত্রিত নয় বরং উদার পরিবেশে বড় করতে হবে। তাদের মানসিক উৎকর্ষের জন্য এ ধরণের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। তাদের আটকে রেখে দিলে, অযথা নিয়ন্ত্রণ করতে গেলে তারা কখনোই ভাল মানুষ, যোগ্য মানুষ হয়ে গড়ে উঠবে না। ডিআরইউ সবসময় তাদের এই সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টিতে উদ্যোগী থাকবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক ডিআরইউ’র স্কুল পরিচালনার জন্য সকল অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রশিক্ষণ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত প্রশিক্ষণার্থী শিশু কিশোরদের ফুল দিয়ে বরণ করা হয়।
আয়োজকরা জানান, ডিআরইউ-এর সদস্য সন্তানদের মধ্যে থেকে ৬০ জন শিশু-কিশোর এ দফার কোর্সে অংশ নিচ্ছে। তিন মাস করে তিন ভাগে নির্ধারিত কোর্স মডিউলে এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট দেয়া হবে প্রশিক্ষণার্থীদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ।
একাত্তর/এসজে