ঢাবির জগন্নাথ হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের এক আবাসিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২০  সেপ্টেম্বর) সকালে বন্ধুদের ডাকাডাকিতে ঘুম থেকে না উঠলে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান বন্ধুরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত নাম অমিত সরকার (২৫) যশোর জেলার কোতোয়ালী উপজেলার বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে। জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতেন তিনি।

নিহতের বন্ধু রাজিব জানান, হলে রাত আনুমানিক দুইটা পর্যন্ত লেখাপড়া করে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েন অমিত। সকাল সাড়ে ১০টার দিকেও ঘুম থেকে না উঠলে ডাকাডাকি শুরু করেন তারা। এসময় অমিতের কোনো সাড়া না পেলে বন্ধুরা মিলে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রাজধানীজুড়ে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৩

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত শিক্ষার্থীর মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। 


একাত্তর/জো