ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে “অ্যান ইভনিং টু রিমেম্বার” প্রতিপাদ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের নানা সামাজিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘মেগা রিইউনিয়ন’-এর অফিসিয়াল লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
এছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ, উচ্চশিক্ষার জন্য বিদেশে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থীকে স্কলারশিপ হস্তান্তর এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ রাফিক হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অ্যাসোসিয়েশনের সচিব কানিজ মওলা, দেওয়ান রাশিদুল হাসান এবং ড. শরীফুল ইসলামসহ বিভাগের জ্যেষ্ঠ অ্যালামনাইবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে আগামী ২৯ জানুয়ারির মেগা রিইউনিয়ন সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে মার্কেটিং বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট ও শিল্প খাতের সংযোগ আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে সাধারণ অ্যালামনাইদের সৌজন্য চা-চক্র ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বিভিন্ন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান আয়োজকেরা।
আয়োজক কমিটি জানায়, ‘টি উইথ প্রেসিডেন্ট’ কেবল একটি সাধারণ পুনর্মিলনী অনুষ্ঠান নয়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার পেশাগত ও আত্মিক বন্ধন জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং একটি গতিশীল অ্যালামনাই কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
