লেগুনার ধাক্কায় পূজার আলোকসজ্জা কর্মীর মৃত্যু

রাজধানীতে পূজার আলোকসজ্জার কাজ করার সময় লেগুনার ধাক্কায় এক ডেকোরেটর শ্রমিক নিহত  হয়েছে।  নিহতের নাম মোঃ শাহিন (৪০)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত নয় টার দিকে  রাজধানীর শ্যামপুরের লাল মহন পোদ্দার লেনে  এ দূর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত দশ টা ২০ মিনিটে  মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির নায়েক ফেরদৌস আলম। তিনি বলেন বিষয়টি শ্যামপুর থানাকে অবিহিত করা হয়েছে। 

সহকর্মী আনোয়ার হোসেন জানান, শ্যামপুরে পূজার মন্ডবের আশপাশে রাস্তায় ভ্যানের উপর মই দিয়ে আলোক বাতি লাগানো কাজ করার সময়ে, একটি  লেগুনা গিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শাহিন মই নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়া হয়। 

গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি গ্রামের নুর নবীর ছেলে শাহীন। তিনি রাজধানীর ফরিদাবাদ লেন এ থাকতেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসএ