ফাইল ছবি
মূল্য তালিকা না টাঙানো এবং বিএসটিআই-এর অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় রাজধানীর ১১ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
মূল্য তালিকা না টাঙিয়ে, একই অপরাধ দ্বিতীয়বার করায় নূর জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর ট্রেড লাইসেন্স ছাড়া আয়ুর্বেদিক পণ্য বিক্রি করায় রওজা নামের একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রায়ের বাজার সিটি কর্পোরেশন মার্কেটের নুর জেনারেল স্টোর। মূল্য তালিকা রয়েছে, কিন্তু সেটি অস্পষ্ট। তাতে আলুর দাম ২০ টাকা লেখা থাকলেও ক্রেতার কাছ থেকে নেয়া হচ্ছে ২৫ টাকা।
মূল্য তালিকায় অস্পষ্টতার অভিযোগে এর আগেও জরিমানা গুণতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে। শনিবার ভোক্তার আভিযানিক দল একই অপরাধে জরিমানা করে দশ হাজার টাকা।
এমনি আরো অভিযোগ পাওয়া যায়, কাচাবাজার থেকে শুরু করে মাছের বাজারেও। কিছু দোকানি মূল্য তালিকা টাঙালেও অনেকেই সেটি মানছেন না।
এ কারণে সতর্ক করে দিয়ে ৫শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। আর ব্যবসায়ীরা ভুল স্বীকার করে ভবিষ্যতে সংশোধনের আশ্বাস দেন।
ভোক্তা অধিকার বলছে, গেল কয়েক বছরে, প্রতিটি বাজারে মনিটরিং থাকায় এরিমধ্যেই নিজেকে সংশোধন করেছেন অনেক ব্যবসায়ী।
একই মার্কেটে বিএসটিআই এর অনুমোদন ছাড়া প্রসাধনী সামগ্রী বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
আর অনুমোদন ছাড়া আয়ুর্বেদিক পণ্য বিক্রি করায় রওজা হোম ফুড সাময়িক বন্ধ ঘোষণা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একাত্তর/এআর