গ্যালন নিয়ে রাজধানীর তেল পাম্পে ক্রেতার লম্বা লাইন

দুপুর দুটো থেকে বিদ্যুৎহীন ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। 

জরুরি কাজ চালিয়ে নিতে জেনারেটরের ওপর ভরসা করতে হচ্ছে। এ কারণে ভিড় বেড়েছে রাজধানীর তেলের পাম্পেগুলোতে। 

এরই মধ্যে অনেক তেলের পাম্প বন্ধ করে দিয়েছে মালিকরা। তারা বলছেন ভিড় ও নিরাপত্তার কারণে তারা পাম্প বন্ধ রাখছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে। কনটেইনার হাতে ডিজেল কিনতে পাম্পে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ।

নীলক্ষেত মোড়, মালিবাগ,  উত্তরা ও বাড্ডা এলাকায় গ্যালন হাতে তেল নিতে মানুষের ভিড় দেখা গেছে। 

অনেকেই এসেছেন ৫ লিটার থেকে ২০ লিটারের ধারণক্ষমতার কনটেইনার নিয়ে। আবার কেউ কেউ এসেছেন মাঝারি ধরনের ব্যারেল নিয়েও।

তারা বলেন, বিদ্যুৎ নেই। এখন জেনারেটরই ভরসা। বিদ্যুৎ গেলে কী হবে, অফিস বা বাসার জেনারেটর তো চালাতে হবে। এজন্য তেল কিনতে এসেছি।


একাত্তর/এআর