তরুণ ও কিশোরদের ভাগিয়ে নেয়া সেই হাবিবুল্লাহ গ্রেপ্তার

জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন জায়গা থেকে কিশোর ও তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত সংগঠনের দাওয়াতি ও অন্যতম অর্থসরবরাহকারী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

এ সময় বাড়ি ছেড়ে যাওয়া আরও তিন তরুণসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

তিনি বলেন, বাড়ি ছেড়ে যাওয়া তিন তরুণসহ পাঁচজনকে রাজধানীর যাত্রাবাড়ী এবং কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (১০ অক্টোবর) বেলা পৌন ১২টায় রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে নিখোঁজদের কিশোর-তরুণদের পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা নিয়মিত কোবা মসজিদে নামাজ আদায় করতো এবং ইমামের সঙ্গে তাদের সখ্য ছিল।

আরও পড়ুন: স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কাজ, নারীসহ আটক ২৫

তাদের দাবি,  ইমাম হাবিবুল্লাহর নির্দেশেই ওই তরুণরা বাড়ি ছাড়ে। এর আগে তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হয়।

কে এই হাবিবুল্লাহ

তিনি কুমিল্লা সিটি করপোরেশনের লইপুরা এলাকার মৃত মাওলানা মমতাজ উদ্দিনের ছেলে। চার বছর বয়সে বাড়ির পাশের দয়াপুর এমদাদুল উলুম মাদরাসায় ভর্তি হন। সেখানে কয়েক বছর কাটানোর পর তাকে কুমিল্লা শহরের কাসেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করান বাবা মমতাজ উদ্দিন। তিনি ওই মাদরাসার শিক্ষক ছিলেন তখন। ওই মাদ্রাসা থেকে শেষ করেন দাওরায়ে হাদিস। নিয়োগ পান কোবা মসজিদের ইমাম হিসেবে। পরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগ দেন। মাদ্রাসা ও মসজিদ দুটিতেই কর্মরত ছিলেন তিনি।


একাত্তর/এসি