বাস সংকটে নগর পরিবহনের ঘাটারচর-কাঁচপুর রুট

যাত্রী আছে কিন্তু পর্যাপ্ত বাস নেই। নির্দিষ্ট সময় পর বাস ছাড়ার কথা থাকলেও যানজটে সেই শিডিউল এলোমেলো। এমন হাল বাস রুট ফ্র্যাঞ্চাইজির পাইলটিং রুট ঘাটারচর টু কাঁচপুরের। 

যাত্রীরা অভিযোগ করেছেন, চালু হবার পর এক বছরেও ঢাকা নগর পরিবহনের এই রুটে বাসের সংখ্যা বাড়েনি। ফলে তাদের ভোগান্তি নিত্যদিনের। 

প্রতি পাঁচ মিনিট পর পর বাস ছাড়ার কথা। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। টিকেট কেটে দীর্ঘ অপেক্ষার পরও বাসের দেখা পান না যাত্রীরা। 

বাস সংকটে এভাবেই ধুকছে ঘাটারচর-কাঁচপুর রুটে বাস রুট ফ্র্যাঞ্চাইজির পাইলটিং সার্ভিস। সড়কে শৃঙ্খলা ফেরাতে গেল ডিসেম্বরে চালু হয় ‘ঢাকা নগর পরিবহন’ নামের এই সার্ভিস। 

দীর্ঘ অপেক্ষার পর বাস এলে শুরু হয় অন্যরকম যুদ্ধ। গাদাগাদি করে আসনের চেয়ে বেশি যাত্রী উঠেন বাসে। যাত্রীরা জানান, বাস সংকটের কারণে নির্ধারিত সময়ে পৌঁছানো যায় না গন্তব্যে। 


যাত্রীরা বলছেন, ভোগান্তি বেশি হয় অফিস সময়ে। বাস সংকট আর অতিরিক্ত যাত্রীর চাপে ঝুঁকি নিয়েই চলতে হয় তাদের। 

সবচেয়ে বেশি ভোগান্তি সন্ধ্যার পর। সাতটার পরই ঘাটারচর থেকে বাস বন্ধ। তাই রাতে গন্তব্যে যেতে কোন বিকল্প থাকে না। 

আরও পড়ুন: দেরিতে ধরা পড়ায় জটিল পর্যায়ে যাচ্ছে ডেঙ্গু রোগীরা

টিকেট বিক্রেতারা বলছেন, সড়কে তীব্র যানজট আর বাস সংকটের কারণে শতভাগ সেবা দেয়া যাচ্ছে না। 

বাসের সংখ্যা ও চলাচলের সময় বাড়ানো না হলে ঢাকা নগর পরিবহণের এই রুটটি মুখ থুবড়ে পড়বে বলে মনে করছেন যাত্রীরা। 


একাত্তর/এসি