স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক। গতবারের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। যেসব এলাকায় ডেঙ্গু বেশি ছড়িয়েছে, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে অভিযান চলছে। সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করছে। পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। কিন্তু সবাই সচেতন না থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন।
শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২’ -উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সকলের অংশগ্রহণেই আমাদের উন্নয়ন৷ সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলেই আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।
মন্ত্রী বলেন, আগে দারিদ্র্য পরিস্থিতি এমন ছিলো যে, অনেকে খেতে পেতো না। বর্তমানে সে পরিস্থিতি নেই। দেশ দুর্নীতিমুক্ত হয়নি, নানান সমস্যা আছে। কিন্তু উন্নতিও হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে।
আরও পড়ুন: সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্ত্রী বলেন, হাতের মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে৷ অনেক রোগ হতে মুক্ত থাকার জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
একাত্তর/আরএ