ডেমরায় মানবপাচার চক্রের হোতাসহ দু'জন গ্রেপ্তার

রাজধানীর ডেমরা এলাকা থেকে ভিজিট ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) ডেমরা এলাকা হতে মানবপাচারকারী চক্রের মূলহোতা কবির চৌধুরী (৩৮) এবং তার সহযোগী মোঃ ইমরান হোসেন (৩৩) কে গ্রেপ্তার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামীদের জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। তারা সংযুক্ত আরব আমিরাতে ফাইভ ষ্টার হোটেলে উচ্চ বেতনে চাকরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রী'সহ লোভনীয় কথাবার্তা বলে প্রতারণামূলকভাবে ভিকটিমের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ভিকটিমদের সংযুক্ত আরব আমিরাতে পাঠায়। 

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সহযোগীরা সংযুক্ত আরব আমিরাতে ভিকটিমদের পাসপোর্ট ও ভিসা নিয়ে একটি রুমে আটক করে রাখে। পরবর্তীতে ভিকটিমদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং চাকুরীর জন্য আরো টাকা দাবী করে। আসামীদের চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর তাদের মোবাইল ফোন বন্ধ করে দেয়। ভিকটিমের পরিবার আসামীদের সাথে যোগাযোগ করলে আসামীরা তখন বিভিন্ন তালবাহানা শুরু করে এবং ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।

উল্লেখ্য এই দুই আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একাত্তর/এআর