মৈত্রী এক্সপ্রেস থেকে আড়াই কোটি টাকার মালামাল জব্দ

মৈত্রী এক্সপ্রেস থেকে আড়াই কোটি টাকার মালামাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা দল। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতের কোলকাতা থেকে ঢাকায় আগত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস গোয়েন্দাদের একটি টহল টিম অতর্কিত অভিযান চালায়।

কাস্টমস গোয়েন্দার টহল টিম মঙ্গলবার বিকেল চারটায় মৈত্রী ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে আসা মাত্রই পুরা ট্রেনটিকে নজরদারির আওতায় নিয়ে আসে।

সাধারণ যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে নির্বিঘ্নে স্টেশন ত্যাগ করেন। এরপর কাস্টমস গোয়েন্দা টহল টিমের সদস্যরা বাংলাদেশের ও ভারতের পাসপোর্টধারী সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশী করেন। একই সাথে টহল টিম পুরো ট্রেন জুড়ে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করেন। 

এসময় আগত যাত্রীদের লাগেজ থেকে বিপুল পরিমাণে ভারতীয় মালামল উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৭৩১ পিস শাড়ী, ২২৬৫ পিস থ্রি পিস, ২১০ পিস শাল ও চাদর, ১১৪ পিস শার্ট, ৩৫ পিস টিশার্ট, ২০৬ পিস ওড়না, ১৮১ পিস ট্রাউজার সহ বিপুল দ্রব্যসামগ্রী।  এছাড়া পাওয়া যায় চকলেট, ঘড়ি, জর্দা, কসমেটিকস, এলকোহলসহ অনেক কিছুই।   

আটক মালামালগুলোর সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুই কোটি পয়ষট্টি লক্ষ টাকা।

আটক সকল মালামাল পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য ঢাকা কাস্টম হাউসের কাছে জমা দেয়া হয়।


একাত্তর/এআর