রাজধানীর রমনা থানাধীন কাকরাইলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সশস্ত্র বোর্ড ভবনের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অলিউল্লাহ মোল্লা (৬৫) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় কাকরাইল মসজিদে তাবলীগ জামাতে আসছিলেন তিনি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ট্রিপল নাইনে খবর পেয়ে রাত পৌনে ১১টায় গুরুতর আহত অবস্থায় অলিউল্লাহকে উদ্ধার করা হয়। রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে প্রকৌশলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
তাৎক্ষণিক তার পরিচয় জানা না গেলেও মোবাইলের মাধ্যমে তার স্বজনদের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়া যায়।
এসআই আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় যানবাহনটি সনাক্ত করা যায়নি।
একাত্তর/এসজে