ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় করা মামলাটি রামপুরা থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবিতে) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

হারুন অর রশীদ বলেন, ফারদিন ৪ নভেম্বর নিখোঁজ হন, ৫ নভেম্বর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকেই ডিবি ছায়া তদন্ত শুরু করে। ৭ নভেম্বর তাঁর লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয়। এর দুই দিন পর গতকাল রাতে তার বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। 

এ মামলায় বুশরা নামের এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তিনি ফারদিনের বান্ধবী। তাকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান অতিরিক্ত কমিশনার। 

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা পাঁচদিনের রিমান্ডে

এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক, সামাজিক কোনো কারণ ছিল কি না, তা দেখা হচ্ছে বলে জানিয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই চলছে। ঘটনাটি কীভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। আমাদের দুই–তিনটি টিম কাজ করছে প্রতিদিন। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’

উল্লেখ্য, সকালে রাজধানীর রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। 


একাত্তর/এসজে