সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসিল্যান্ড গুরুতর আহত

সাভারে ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক। তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এসিল্যান্ড আবু বকর সিদ্দিকীর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামে।তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নদীর মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

প্রত্যক্ষদর্শী কটু মিয়া বলেন, আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামলে পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাছে থাকা মোবাইল, টাকা ছিনিয়ে নেয়। তখন সড়কের অপর পাশে থাকা স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পুলিশও ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

পুলিশ জানায়, তার পিঠে, পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসি