সাভারে চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন তৈরি পোশাক কারখানায় কাজ করা এক তরুণী। পরে ওই ছিনতাইকারীকে নিজেই থানায় নিয়ে যান। তরুণীটির এমন সাহসীকতায় হতবাক পথচারীরা।
সোমবার (২১ নভেম্বর) জেলার আশুলিয়া থানার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই পোশাক শ্রমিকের নাম সুমাইয়া। তার গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে তার পরিবারে আশুলিয়ায় বসবাস করে।
আটক ছিনতাইকারীর নাম সুমন সরকার। তিনি বগুড়া জেলার শেরপুর উপজোর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক শ্রমিক ওই তরুণী অফিস ছুটির পর ভ্যানে করে বাসায় ফিরছিল। এ সময় চলন্ত ভ্যান থেকে ওই ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মেয়েটিও তাকে ধাওয়া করে। এরপর বেশ কিছুদূর গিয়ে ধরে নিজেই আশুলিয়া থানায় নিয়ে আসে। তবে মোবাইল ফোনটি এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: নওগাঁয় আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
ছিনতাইকারী সুমনের দাবি, তিন দৌড়ে পালানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলে দিয়েছেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান জানান, আটক যুবক মাদকাশক্ত। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একাত্তর/এসি