আগামী বছরের ১ এপ্রিল থেকে সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ব্যতীত ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো আন্তঃজেলা বাস কাউন্টার থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে সাংবাদিকদেরকে সাথে আলাপকালে মেয়র একথা জানান।
তিনি বলেন, আমাদের যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোর কার্যকারিতাকে ঠিকমতো বাস্তব রূপ দেয়া হয় না। এ ব্যাপারে আমরা আরও কঠোর হতে চাই। আমাদের সায়দাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে।
তাপস বলেন, পহেলা এপ্রিলে সেটা উদ্বোধন করব, চালু করবো। আমাদের মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন আছে, সেগুলোরও আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সকল উদ্যোগ সম্পন্ন করব। আগামী পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনও কাউন্টার আমরা রাখতে দিব না।
ফজলে নূর তাপস বলেন, পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরে যত্রতত্র কোনও কাউন্টার রাখতে দেয়া হবে না। আমরা দেখি জিগাতলায় একটা কাউন্টার, কলাবাগানে একটা কাউন্টার, খিলগাঁওয়ে আরেকটা কাউন্টার, যার যেখানে ইচ্ছা সেখানে কাউন্টার খুলে বসে আছে। এতে যেমনি যানজটের সৃষ্টি করে তেমনি অনেক সমস্যা সৃষ্টি হয়। সুতরাং এ বিষয়ে আমরা আরও কঠোর হচ্ছি।
দক্ষিণের মেয়র বলেন, পয়লা এপ্রিল ২০২৩ -এর পরে টার্মিনালের অভ্যন্তর ব্যতীত বাইরে কোথাও যত্রতত্র আর কোনো কাউন্টার রাখতে দিব না। কাউন্টার না রাখলে সেখানে বাসও যেতে পারবেনা। রাস্তাও ব্যবহার করতে পারবে না। সকলকেই টার্মিনাল ব্যবহার করতে হবে। আমরা মনে করি, এর মাধ্যমে শুধু যাত্রী সেবা নয়, গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃংখল হবে, সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে পারবো।
আরও পড়ুন: বিএনপি গণ্ডগোল পাকাতে উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের
তিনি আরো বলেন, ২১, ২২ ও ২৬ নম্বার রুটে শুধু রুট পারমিটবিহীন বাস নয়, নগর পরিবহন ব্যতীত অন্য কোন বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে। এটি নিশ্চিত করতে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। এমনকি লেগুনাও চলবে না। শুধু নগর পরিবহন চলবে এই তিন রুটে।
একাত্তর/আরএ