ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দী যুদ্ধাপরাধী বাগেরহাটের রাজাকার ইদ্রিস মোল্লার মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত যুদ্ধাপরাধী মো. ইদ্রিস আলী মোল্লার (৬৪) বাবার নাম গফুর মোল্লা। বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী আহসান হাবীব জানান, ওই বন্দী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। এর আগে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। সকালে কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই বন্দীকে সকালে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো