আলোর উৎসবে নতুন বছর বরণ

নতুন সম্ভাবনায় নতুন বছরে পা রাখল বিশ্ব, স্বাগত ২০২৩। বিশ্বের অন্যান্য দেশে মতো বাংলাদেশের মানুষও নতুন বছরকে বরণ করছে নানা আনন্দ আয়োজনে। 

প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার (৩১ ডিসেম্বর) রাত বারোটা এক মিনিটে রাজধানীর আকাশ ছেয়ে ছিল বর্ণিল আতশবাজি আর ফানুশের আলোয়। পুরাতনকে পেছনে ফেলে নতুন আলো নিয়ে আসবে ইংরেজি নববর্ষ, এমন প্রত্যাশা সবার। 

রাতের আকাশ ছেয়ে ঝলমলে আলো বিশ্বকে জানান দিলো নতুন বছরের আগমনী বার্তা। ২০২৩ সালকে স্বাগত জানাতে ফানুশ আর আতশবাজির বর্ণিল আলোয় রাত বারোটা একমিনিটে গোটা রাজধানী পরিণত হয় আলোক ঝলমলে এক অন্য নগরীতে। নিষেধাজ্ঞার বেড়াজালে নিজ নিজ বাড়ির ছাদেই পড়ে উৎসবের রোল। 

পুরাতন জীর্ণ, জরাকে ফলে দিয়ে নতুন এক সম্ভাবনার বছর হবে ২০২৩। তাইতো শুধু উৎসবের রঙ্গে রঙ্গিন না হয়ে ছিল পুরো বিশ্বের মঙ্গল কামনা। 

আরও পড়ুন: বৈদ্যুতিক লাইনে ফানুস, দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল চলাচল

ছোট-বড় বয়সভেদে উৎসবের এমন আয়োজন দেখতে ভালো লাগলেও, ফানুস কিংবা আতশবাজির আগুনে দুর্ঘটনা এড়াতে ছিল সরকারের নিষেধাজ্ঞা। যদিও কার্যত আটকে রাখা যায়নি কাউকেই।

তবে আশার বিষয়, পুরো রাজধানী জুড়ে এমন আয়োজনের পরেও বড় কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি কোথাও।


একাত্তর/এসজে