আল-কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে সশস্ত্র জিহাদ করার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।
গ্রেপ্তার ছয়জনকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
আসামিরা হলেন- সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রব (২৮), মো. সাকিব (২৩), শামীম হোসেন (১৮), নাদিম শেখ (১৯), মো. আবছার (২০) ও সাইদ উদ্দিন (১৮)।
এদিকে, দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, অনলাইনে আল-কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ‘কথিত জিহাদ’ করার পরিকল্পনা ছিল আব্দুর রউফের। সেই লক্ষ্যে সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়ি ফেরেননি। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান জঙ্গি ক্যাম্পে।
এর আগে রোববার (১ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করে সিটিটিসি।