ডেমরায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় মোছা. রুজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. দ্বীন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

ডেমরার মীরপাড়া এলাকা থেকে শনিবার (৫ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশের কাছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

গত শুক্রবার রাতে নাইলনের রশি দিয়ে গলায় পেঁচানো ও সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুজিনার লাশ উদ্ধার করে পুলিশ।

রুজিনা ফরিদপুরের মধুখালী থানার মির্জাপুর গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের মেয়ে। আর দ্বীন ইসলাম একই এলাকার মেঘচামী এলাকার মো. রবিউল ইসলাম নবু বিশ্বাসের ছেলে। বর্তমানে সে ডেমরার মীরপাড়া এলাকার জহিরউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের বড় ভাই রিপন বিশ্বাস শনিবার দুপুরে বাদী হয়ে ডেমরা থানায় দ্বীন ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

নিহত রুজিনার বোন রহিমা বলেন, মোবাইলে তার বোন তাকে স্বামীর নির্যাতনের কথা বলেন, এরপর তিনি জানতে পারেন তার বোন মারা গিয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের সেই ইউএনওকে সতর্ক, ভুল ছিল মেম্বারের

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহে রুজিনার সঙ্গে দ্বীন ইসলামের ঝগড়া বিবাদ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে। তিনি রাতে স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন বলে প্রচার করেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া চলমান।


একাত্তর/আরএ