ঘন কুয়াশায় অর্ধশতাধিক ফ্লাইট বিপর্যয়

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় অর্ধশতাধিক ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটেছে।

রোববার (১৫ জানুয়ারি) ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত রানওয়ে কুয়াশায় ঢাকা থাকায় নির্ধারিত সময়ের ১-২ ঘণ্টা সময় পর ছেড়েছে ফ্লাইটগুলো। 

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের গুয়াঞ্জু ফ্লাইট চট্টগ্রামে, কাতার, শারজাহ ও ওমানের মাস্কাট থেকে আগত ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও ব্যাংকক থেকে আগত একটি কার্গো ফ্লাইট ও দিল্লি থেকে ঢাকাগামী ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে। 

ভোর থেকে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই, এমিরেটস ও এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট অবতরণের অপেক্ষায় ঢাকার আকাশে চক্কর দিয়েছে। পরে নির্ধারিত সময়ের চেয়ে ১-২ ঘণ্টা বিলম্বে বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে ফ্লাইটগুলো।

এছাড়াও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের প্রায় ৩০টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।


একাত্তর/জো