মানবাধিকার রক্ষায় উন্নতি করেছে বাংলাদেশ: ডোনাল্ড লু

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু। তিনি আরও বলেন, বন্ধুত্ব দৃঢ় করতে ঢাকায় এসেছি।

রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন দুই কর্মকর্তা। তাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। 

ডোনাল্ট লু তার ভারত সফর শেষে শনিবার রাতে ঢাকা পৌঁছেন। রোববার সকালে প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠক শেষে আসেন পররাষ্ট্র মন্ত্রনালয়ে। 

পররাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে দেখা করা ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সাথে। যেখানে বিনিয়োগ বাণিজ্য, সুশাসন, নির্বাচন, ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো আলোচনা হয়। 

বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় আসে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু। সামনের ৫০ বছর কীভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটি আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ত বছরের মতো এবারও আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে, আমরা একটি সময়সূচি ধরে চলমান মেকানিজমের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো।

ডোনাল্ড লু বলেন, আমি এখানে এসেছি দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে; যখন বর্তমান বিশ্ব শান্তি ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে চলেছে।

তিনি বলেন, র‌্যাবের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি লক্ষ্য করলে দেখবেন বিচারবহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র‌্যাবের অসাধারণ অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে। আমরাও এই অগ্রগতির বিষয়টি স্বীকার করি। এটি অসাধারণ কাজ। এতে প্রমাণ হয় মানবাধিকার রক্ষায় র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশাধিকারের ক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, জিএসপি পুনর্বহালে কংগ্রেস যদি কোনও সিদ্ধান্ত নেয়, তবে প্রথম তালিকায় বাংলাদেশ থাকবে।

যুক্তরাষ্ট্র যদি গঠনমূলক পরামর্শ দেয় তবে সেটি গ্রহণ করবে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে যদি কোনও কিছু নিয়ে প্রশ্ন থাকে, তবে আমরা আলোচনা করে সমাধান করবো। যদি গঠনমূলক পরামর্শ আসে, আমরা অবশ্যই সেটি গ্রহণ করবো। এর নমুনা আমরা দেখিয়েছি। আমাদের যদি কোনও দুর্বলতা থাকে, সেটি আমরা দূর করবো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, আমরাও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমার দল আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। ব্যালটের মাধ্যমে সরকারে এসেছে, বুলেটের মাধ্যমে নয়।

আরও পড়ুন: নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ৬৮ দেহ উদ্ধার

ডোনাল্ড লু বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের মধ্যে সৎ আলোচনা হয়েছে। আমরা গণতন্ত্র ও মানবাধিকারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি কোনও সমস্যা দেখি, তখন আমরা বিষয়টি উত্থাপন করি এবং আমরা পরামর্শ দিতে পারি। আমরা মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাস করি এবং বাংলাদেশের মতো অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করি।

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে আইপিএস নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিয়ে আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 

এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, আইপিএস নিয়ে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। এটি কোনও ক্লাব নয়, বরং একটি কৌশল।


একাত্তর/আরবিএস