রাজধানীর দক্ষিণখান কশাইবাড়ি রেলগেট এলাকায় সাত বছরের এক শিশুকে বাঁচাতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল খালু মানিক মিয়ার (৩০)।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে এঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গুড়িগ্রামের হাসিম মিয়া ছেলে মানিক রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদে পরিবার নিয়ে থাকতেন। মানিক দুই মেয়ে জনক ছিলেন। তিনি টায়ারের কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ীর ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান।
মৃতের স্ত্রী সালমা বেগম জানান, গত রোববার গ্রামের বাড়ি থেকে তার (স্ত্রী) বড় বোন সহ স্বজনরা বেড়াতে আসেন। বেড়ানো শেষে আজ মঙ্গলবার সকালে বাড়িতে যাওয়ার জন্য বিমানবন্দরে রেল স্টেশন যাচ্ছিলেন, সে সহ আমরা তাদের তুলে দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে কশাইবাড়ি রেল গেইট এলাকায় সালমা বেগমের বড় বোনের ছেলে শিশু রিফাত (৭) রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময়ে, মৈত্রী এক্সপ্রেস ট্রেন আসছিল, যা শিশুটি খেয়াল করেনি। বিষয়টি মানিক মিয়া দেখতে পেয়ে দ্রুত তাকে ধাক্কা দিয়ে শিশুটিকে বাঁচাতে পারলেও নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।
পুলিশ জানায়, মৃতের স্বজনরা বিনা ময়নাতদন্তের মরদেহ নেয়ার আবেদন করায় এবং কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এআর