ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন নিহত

রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো: আব্দুর রশিদ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেটে এলাকায় রাত আনুমানিক সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

আরও পড়ুন: ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

এসআই কামরুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, তিনি রেল গেইটের পাশে বাজার থেকে কাঁচা বাজার কিনে বাসায় ফেরার পথে রেল লাইন পার হতে গিয়ে টঙ্গী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তার বাজারের ব্যাগে ফুলকপিসহ কাঁচা বাজার পাওয়া যায়। যা ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।

তিনি আরও বলেন, মো: আব্দুর রশিদের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। 

মৃতের স্ত্রী সন্তানরা সবাই কানাডায় থাকেন, তিনি এখানে একাই থাকতেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস