অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেফতার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম কারাগারের জেলার খন্দকার গোলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে একটি টিম। করোনার কারণে আদালত বন্ধ থাকায় তাকে সরাসরি কক্সবাজারের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
প্রদীপ কুমার দাসকে দীর্ঘ সাত মাস দুদকের একটি মামলায় চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছিল। সিনহা হত্যা মামলার অন্যতম আসামী হওয়ার কারণে আবারো তাকে কক্সবাজার কারাগারে নেয়া হচ্ছে।
আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।
উল্লেখ্য, ওই বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাখেদ খান।
একাত্তর/আরএইচ