রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছে রাজউক গঠিত কারিগরি কমিটি।
বুধবার (৮ মার্চ) গণমাধ্যমকে এমনটি জানান রাজউক গঠিত কারিগরি কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী।
মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ভবনটির ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও আগে সংস্কার করতে হবে। তারপরে সিদ্ধান্ত আসবে ভবনটি ব্যবহার করা যাবে নাকি ভেঙ্গে ফেলতে হবে।
এর আগে, সিদ্দিকবাজারে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে এই মৃত্যুর দায় রাজউকের ওপর পড়ে বলে মন্তব্য করেছেন সংস্থাটির পরিচালক (জোন-৫) হামিদুল ইসলাম।
ভবনটির বৈধতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত কাগজপত্র বের করে ভবনের বৈধতা-অবৈধতার বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এছাড়া তিনি এই জোনে নতুন এসেছেন। এজন্য এই এলাকার ভবনের সম্পর্কে তার ভালো জানা নেই।
তিনি আরও বলেন, ভবনটি যখন অনুমোদন নেওয়া হয়, তখন রাজউক ছিল না, ডিআইটি ছিল। প্রায় ৪৫ বছর আগে ভবনটির অনুমোদন নেওয়া হয়। সরকারি ছুটির দিন থাকায় নথি পাওয়া যায়নি। তবে কর্মচারীদের খুঁজতে বলা হয়েছে।
মগবাজার বিস্ফোরণ, সায়েন্সল্যাব এবং সব শেষ সিদ্দিকবাজারে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাজউকের দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হামিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর দায় রাজউকের ওপর একটু তো যাবেই এটা স্বাভাবিক।’
আরও পড়ুন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন।