ভবন বিস্ফোরণের ঘটনায় মালিকসহ গ্রেপ্তার তিন

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ক্ষতিগ্রস্ত ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।

আরও পড়ুন: বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরো একজনের মরদেহ উদ্ধার

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ভবন মালিক ওয়াহিদুর রহমান (৪৬) এবং তার ভাই মতিউর রহমানকে (৩৬)গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিক্যাল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় ভবন মাকিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত তিনদিন ধরে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারি ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মৃতদেহের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ এ ব্যবসায়ীর খোঁজে আজ সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস এবং বেলা ১২টা ১০ মিনিটে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর ফলে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ২২। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিন জনকে।


একাত্তর/আরবিএস