পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ইয়াসিন আরাফাত (২৬) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, রাত আটটার দিকে ইয়াছিন মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। প্রথম দিন থেকেই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন।
জানা গেছে, নিহত ইয়াসিন আরাফাত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজধানীর মগবাজার এলাকায় মামা মোহাম্মদ আজিমের বাসায় থাকতেন।
আরও পড়ুন: সিদ্দিকবাজার বিস্ফোরণ: ভবন মালিকসহ তিনজন দুইদিনের রিমান্ডে
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নর্থসাউথ রোডে বিআরটিসি বাস কাউন্টারের পাশে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
একাত্তর/জো