সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনায়, কাজের সাথে সরকারিভাবে যারা জড়িত তাদের কতটুকু গাফিলতি হয়েছে সেটাও খতিয়ে দেখা বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
শনিবার (১১ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ধসে যাওয়া একটি ১২ তলা ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় সব কিছু দেখলাম। আর আমার লোকজন হাসপাতালে গিয়ে আহতদের দেখছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম এনডিসি, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহা পরিচালক দেবাশীষ পালসহ অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: মিথ্যা বলা, দুর্নীতি-লুটপাট করা তাদের অভ্যাস: প্রধানমন্ত্রী
এর আগে শুক্রবার (১০ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৫ জন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
একাত্তর/আরবিএস