সকাল থেকে মেঘে ঢেকে থাকা ঢাকার আকাশে অবশেষে বৃষ্টি ঝরলো। বুধবার (১৫ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অফিসে বলছে, বেলা বাড়ার পর ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
অপরদিকে শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে। সঙ্গে ছিল দমকা বাতাসও। আবার কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৫ মার্চ) সকাল সাতটা থেকে পরের ছয় ঘণ্টা ঢাকা ও পাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
একাত্তর/এসি