মাত্র ১০ দশমিক ৯২ সেকেন্ডে টাইয়ের উইন্ডসর নট বেঁধে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আইইউবির মার্কেটিং বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মো. সামিন রহমান।
গিনেজে এই বিষয়ক আগের রেকর্ডটি ছিলো ১২ দশমিক ৮৯ সেকেন্ড। এ মাসেই গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন রেকর্ড গড়ার সার্টিফিকেট হাতে পান সামিন।
বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানায়, এই রেকর্ডটির জন্য ২০২২ সালে আগস্ট মাসে প্রথম অনলাইনে আবেদন করেছিলেন সামিন। ওই বছরেরই নভেম্বর মাসে তার আবেদনের সাপেক্ষে প্রমাণ চায় গিনেজ কর্তৃপক্ষ। তখন ১০ দশমিক ৯২ সেকেন্ডে উইন্ডসর নট বাঁধার একটি ভিডিও গিনেজের ওয়েবসাইটে আপলোড করেন সামিন। এ বছরের ফেব্রুয়ারি মাসে নতুন রেকর্ডের কথা সামিনকে ই-মেইলের মাধ্যমে জানায় গিনেজ। তার একমাস পর সম্প্রতি সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি।
এ ব্যাপারে সামিন রহমান বলেন, আমি রাজধানীর একটি স্কুলে পড়তাম। সেখানে ইউনিফর্মের সঙ্গে আমাদের টাই পড়তে হতো। সেখানেই প্রথম টাইয়ের সঙ্গে পরিচয়। এরপর নানারকম টাই বাঁধা শেখাটা আমার শখে পরিণত হয়। তবে আমি কখনো ভাবিনি যে এর জন্য আমি বিশ্বরেকর্ড গড়তে পারবো। তবে রেকর্ড গড়তে পেরে ভালোই লাগছে।
জানা যায়, পড়াশোনার পাশাপাশি সামিন দুটি স্টার্টআপও পরিচালনা করছেন। এছাড়াও তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্যক্রমের সঙ্গে জড়িত। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বেসিস এবং মোবাইল অপারেটর রবির সঙ্গেও বিভিন্ন প্রকল্পে কাজ করছেন সামিন।
একাত্তর/এসি